১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর সব ধরনের আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।

বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের জানান, তাদের মূল দাবি ছিল দশম গ্রেডে উন্নীতকরণ। তবে অর্থ মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। এই আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করছেন।

তিনি বলেন, “আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।”

গত কয়েকদিন ধরে বেতন বৈষম্য নিরসন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সহকারী শিক্ষকরা অবস্থান, মানববন্ধন, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনের কারণে কিছু স্থানে পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগও ওঠে।

অর্থ ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আপাতত মাঠে স্বস্তি ফিরলেও শিক্ষকরা জানান, প্রতিশ্রুত বাস্তবায়ন দ্রুত না হলে তারা আবারও কর্মসূচিতে ফিরবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩ লাখেরও বেশি সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে উন্নত গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের প্রত্যাশা, দেওয়া আশ্বাস অনুযায়ী এবার দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে।