হাসিনার লোকজন এখনো সক্রিয়, এস আলমের মাধ্যমে নমিনেশন পাচ্ছে: কর্ণেল অলি

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
হাসিনার লোকজন এখনো সক্রিয়, এস আলমের মাধ্যমে নমিনেশন পাচ্ছে: কর্ণেল অলি

নিজস্ব প্রতিবেদক:

বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা কলেজ মাঠে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অলি আহমদ।

তিনি বলেন, “এটা শুধু আমার কথা নয়, জনগণেরও কথা। আমি তাদের সঙ্গে একমত। দেশের রাজনীতি এখনো হাসিনার প্রভাবমুক্ত হয়নি। যারা তার সময় সুবিধা পেয়েছে, তারা এখনো বিভিন্নভাবে সক্রিয়।”

অলি আহমদ আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। সব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এর জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন।

তার ভাষায়, “হাসিনা বাংলাদেশে কিছুই অবশিষ্ট রাখেননি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছেন। যদি এই টাকা দেশে থাকত, তাহলে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি পেত।”

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি খেলাচ্ছলে দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের দিয়ে দেশ চালানো সম্ভব নয়। হয়তো এই অভিনব পদ্ধতির জন্য আপনি আরেকটি নোবেল পুরস্কারও পেতে পারেন। কিন্তু দেশের বাস্তব অবস্থা ভয়াবহ। বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন এলাকায় গোলাগুলি, মারামারি, রক্তপাত চলছে। কেউ চাঁদা তুলছে, কেউ দখল করছে—এভাবেই চলছে দেশ।”

চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোরশেদ ও সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম. এ. ইয়াকুব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল এবং উদ্বোধক ছিলেন আনিসুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আকতার আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।