হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর জামিন পেলেন হিরো আলম

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর জামিন পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে সিএমএম আদালতে হাজির করে। হাজিরা শেষে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের ৯ তলায় বিচারকের এজলাসে নিয়ে যাওয়া হয়।

জামিন শুনানিতে হিরো আলমের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও অনেকে তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান ও অভিজিৎ মজুমদার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ২০০ টাকার মুচলেকায় আদালত তাকে জামিন প্রদান করেন।

গ্রেপ্তারি পরোয়ানা ও গ্রেপ্তার

গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই শনিবার দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।

মামলার অভিযোগ

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তীতে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। এরপর গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে রিয়া মনির শরীরে জখমের সৃষ্টি হয়। ওই ঘটনায় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইনও চুরি হয়।

ঘটনার তদন্ত করছে হাতিরঝিল থানা পুলিশ।