স্বৈরাচারী হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছার পর আবারও পোস্ট করে যা বলল সাকিব

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম
স্বৈরাচারী হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছার পর আবারও পোস্ট করে যা বলল সাকিব

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করার পর থেকেই সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


বিতর্কের সূচনা:

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন সাকিব। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “শুভ জন্মদিন আপা।”

এই পোস্ট ঘিরেই শুরু হয় সমালোচনা। মুহূর্তের মধ্যেই কমেন্ট বক্সে ঝড় ওঠে। নেটিজেনদের অনেকেই তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ আখ্যায়িত করে প্রশ্ন তোলেন— “গণহত্যাকারী হাসিনার জন্য এত দরদ কেন?”


ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস:

এরপর অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও সাবেক ক্রিকেটার আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন। যদিও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি, তবে তা যে সাকিবকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে তা নিয়ে সংশয় নেই। তিনি লেখেন—

“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। এখানেই সব আলোচনার সমাপ্তি।”


সাকিবের পাল্টা জবাব:

ক্রীড়া উপদেষ্টার এই লেখার পর রাতেই সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি স্পষ্ট করে জানান, জাতীয় দলে আর খেলার সুযোগ না পাওয়ার পেছনে আসিফ মাহমুদের ভূমিকা রয়েছে। তার ভাষায়—

“যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”


সমালোচনার ঝড়:

এ ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন সাকিব। সমর্থকরা তার এই প্রতিক্রিয়াকে আবেগপ্রবণ বললেও সমালোচকরা মনে করছেন, রাজনৈতিক ইস্যুতে জড়িয়ে তিনি নিজেই নিজের ক্ষতি করছেন।



প্রেক্ষাপট:

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই তাকে “পলাতক স্বৈরাচার” বলে আখ্যা দিচ্ছে বিরোধী দলগুলো। ঠিক এমন সময়ে জন্মদিনে প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়ে সাকিব নিজেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন।