সেনবাগে ভ্যাকুর আঘাতে বিধবা আলেয়ার ঘর ধসে পড়ার আশঙ্কা! অসহায় নারীর ন্যায়বিচার দাবি
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক অসহায় বিধবার বসতঘর ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জাহিদুল ইসলাম ভ্যাকু মেশিন দিয়ে তার ঘরের সামনে প্রায় ৮ ফুট গভীর মাটি কেটে নিয়েছেন।
ভুক্তভোগী বিধবা আলেয়া বেগম (স্বামী মৃত মোঃ সাহাব উদ্দিন) বলেন, “আমার ঘরের সামনে মাটি কাটায় ঘর ধসে পড়ার ভয় তৈরি হয়েছে। আমি বাধা দিলে জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য ঝাঁপিয়ে আসে। পরে এলাকার গন্যমান্যরা নিষেধ করলেও সে শোনেনি, উল্টো আরও দ্রুত মাটি কাটতে থাকে।”
সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে লিখিত অভিযোগ দেই। এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আলেয়া বেগমের বসতবাড়ির পাশে ভ্যাকু মেশিন দিয়ে ৮ ফুটেরও বেশি গভীর গর্ত তৈরি হয়েছে, যা যেকোনো মুহূর্তে ভূমিধসের ঝুঁকি তৈরি করেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে ঘরটি ভেঙে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে অসহায় বিধবা নারীর নিরাপত্তা ও বসতঘর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।









