সিটিসেল ঋণ খেলাপি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
সিটিসেল ঋণ খেলাপি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট:

সিটিসেল-এর নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ৪৯ কোটি টাকা ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফরিদ আহমেদ এ আদেশ দেন। মামলার বাদী প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) আদালতে অভিযোগ করে জানায়, প্যাসিফিক টেলিকম লিমিটেড (সিটিসেল) এর নামে নেওয়া ঋণের অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ করা হয়নি। এর ফলে ব্যাংকটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে।

গ্রেপ্তারি পরোয়ানায় সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরীন খান, ছেলে ফয়সাল মোরশেদ খান ছাড়াও সিটিসেলের বিদেশি অংশীদার—সিঙ্গাপুরের তিন নাগরিক ও একজন জাপানি নাগরিকের নাম রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামিরা একাধিকবার সমন পেয়েও আদালতে হাজির হননি। ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে, ইউসিবি কর্তৃপক্ষ সিটিসেল-এর বকেয়া ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থায় একাধিকবার আবেদন করে। কিন্তু ঋণগ্রহীতারা অর্থ পরিশোধে কোনো উদ্যোগ না নেওয়ায় ব্যাংকটি শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়।

উল্লেখ্য, দেশের প্রথম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান সিটিসেল ২০১৬ সালে লাইসেন্স বাতিলের পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির মূল শেয়ারহোল্ডার ছিলেন সাবেক মন্ত্রী মোরশেদ খান ও তার পরিবার।