সিংগাইরে ভ্রাম্যমান আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম
সিংগাইরে ভ্রাম্যমান আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে সরকারি জমিতে ব্যক্তি মালিকানায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ভ্রাম্যমাণ আদালত। 

 বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন -উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। উপজেলার ধল্লা পুলিশ বক্স সংলগ্ন স্থানীয় মোশারফের দখলে থাকা সরকারি জমি জনৈক নারীর কাছে ভাড়া দেয়া হয়। ওই নারী সেখানে সেমিপাকা স্থাপনা নির্মাণ করলে ভ্রাম্যমান আদালত গুড়িয়ে দেন। এ সময় সহযোগিতা করেন থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন। 

 উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে,ধল্লা মৌজার ১ নং খাস খতিয়ানভূক্ত ২৭০২ দাগে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ করা হয়। নির্মাণকালে দখলদারকে মৌখিকভাবে নিষেধ করা হলেও কর্নপাত করেননি তিনি। পরে তাকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে স্থাপনা সরিয়ে না নেয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করা হয়। 

এদিকে,সরকারি জমি দখলকারী অভিযুক্ত মোশারফের বড় ভাই আনোয়ার হোসেন জানান, সিএস,এসএ ও আরএস রেকর্ডে প্রকৃত জমির মালিক আমরা। অথচ বিএসে খাস করা হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য আমরা আদালতে মামলা দায়ের করেছি। 

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, যারা খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে এভাবেই মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।