সিংগাইরে বিষের বোতল হাতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণী
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বিয়ের দাবীতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী(১৮)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ,নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়াসহ প্রতারণার অভিযোগ উঠেছে জিসান(২০)নামের ওই তরুণের বিরুদ্ধে।সে ওই গ্রামের প্রবাসী কাউছারের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রোববার (৯ নভেম্বর) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিয়ের দাবিতে অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান করছেন।তিনি বলেন,আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে ৭-৮ মাস যাবত বাসা ভাড়া নিয়ে একত্রে রেখেছে। আমি চাপ সৃষ্টি করলে জিসান ওর মা কে নিয়ে পালিয়ে যায়। বাধ্য হয়ে আমি ওদের বাড়িতে বিষের বোতল নিয়ে অবস্থান করছি। আমি বিয়ে ছাড়া এ বাড়ি থেকে যাবো না। আমার মৃত্যু হলে এর জন্য দায়ী থাকবে জিসান এবং তার মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান নিজেকে ইউনিয়ন ছাত্রদল নেতা পরিচয়ে নেতৃবৃন্দের ছবি সম্বলিত পোস্টার সাঁটিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন । মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া সংসদ সদস্য পদ প্রার্থাী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া, জিসান মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা আরও জানান, জিসানের বিরুদ্ধে পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।
সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ বলেন,ধল্লা ইউনিয়ন কমিটিতে জিসানের কোনো পদ নাই। যেটা করেছে ব্যক্তিগত অপরাধ। ও দলের কেউ হয়ে থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্য্যপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি । বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।









