সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

সোহরাব হোসেন, সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে মাহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার বোনসহ আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ  (ওসি) জেওএম তৌফিক আজম।

জানা গেছে,মঙ্গলবার রাত ৯টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপের কিটিংচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 নিহত মাহিম ও তার বোন আহত রত্না (৩০) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের সন্তান এবং চালক রুপচান সদর উপজেলার ছোট ভাকুর গ্রামের সাইজুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী মাহিম। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও দু'জন আহত হয়েছে। ট্রাক ও  চালক পালিয়ে গেছে। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”