সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইকে টেঁটাবিদ্ধ করে খুন

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম
সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইকে টেঁটাবিদ্ধ করে খুন

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে খুন করেছে তার দুই চাচাতো ভাই। 

শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত হানিফ ওই গ্রামের ইলা ব্যাপারীর ছেলে ও চার সন্তানের জনক। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের গাড়ি চালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,হানিফের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই স্বাধীন ওরফে সেন্টু ও জাহাঙ্গীরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। আজ দুপুরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর ধারালো রামদা ও টেঁটা দিয়ে হানিফকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরক্ষণেই অভিযুক্তরা পালিয়ে যায়। নিহতের মেয়ে স্মৃতি আক্তার পরিকল্পিতভাবে তার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেএমও তৌফিক আজম বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।