সিংগাইরে কৃত্রিম প্রজনন কর্মীর চিকিৎসায় গাভীর মৃত্যু, অভিযোগ দায়ের

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পিএম
সিংগাইরে কৃত্রিম প্রজনন কর্মীর চিকিৎসায় গাভীর মৃত্যু, অভিযোগ দায়ের

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে এআই টেকনিশিয়ান(কৃত্রিম প্রজনন কর্মী) মো.সাইফুল ইসলামের(৫০) ভুল চিকিৎসায় এক গর্ভবতী গাভীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মৃত গাভীর মালিক ভুক্তভোগী মোঃ নাজিম ওই ইউনিয়নের বাস্তা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। অপরদিকে,অভিযুক্ত এআই টেকনিশিয়ান সাইফুল ইসলাম একই উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে । তিনি সিংগাইর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধীনে জামশা ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী মো. নাজিম সোমবার (১৩ অক্টোবর)উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে সাইফুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে প্রকাশ,গত ৬ অক্টোবর নাজিমের আড়াই লাখ টাকা মূল্যের গর্ভবতী গাভীটির প্রসব ব্যথা ওঠলে জেলা সদরের জনৈক ডাক্তার আব্দুর রাজ্জাকের পরামর্শ চান। এতে তিনি নিকটস্থ কোনো ফার্মেসিতে গিয়ে তাকে ফোন দিতে বলেন। সেই অনুযায়ী নাজিম জামশা বাজারে গেলে এক ফার্মেসী মালিক তাকে কৃত্রিম প্রজনন কর্মী সাইফুল ইসলামের দারস্থ হতে বলেন। তখন সাইফুল ওই ডাক্তারের সঙ্গে কথা না বলে তিনি নিজেই গাভীটির চিকিৎসা করতে নাজিমের বাড়িতে যান। গাভীটির পেটে বাচ্চা পেঁচিয়ে গেছে জানিয়ে পরপর তিন দিন স্যালাইন ও ইনজেকশন পুশ করে চিকিৎসা দেন। এতে গাভীটির অবস্থা উন্নতি না হলে অন্য ডাক্তারের শরণাপন্ন হতে চাইলে সাইফুল তাকে নিষেধ করেন। পরে ৯ অক্টোবর ভোরে গাভীটি মারা যায়। এতে ভুক্তভোগী নাজিম অভিযুক্ত এআই টেকনিশিয়ান সাইফুলের কাছে ক্ষতিপূরণ দাবী করলে তিনি তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

অভিযুক্ত কৃত্রিম প্রজনন কর্মী মো. সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমার স্যার যেটা বলেন সেটাই আমার বক্তব্য। তিনি রেজাউল করিম নামের এক ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করেছেন বলে দাবি করেন। 

এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম বলেন,সাইফুল আমাদের এআই কর্মী। তার পশু চিকিৎসা দেয়ার কোনো এখতিয়ার নেই। অভিযোগ হাতে পেয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।