সায়মা মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা সমিতির স্মারকলিপি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
সায়মা মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা সমিতির স্মারকলিপি

রাবি প্রতিনিধি :

২৯ অক্টোবর ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাবি এর যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা হোসেনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আজ বুধবার স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

“কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়” এর পক্ষ থেকে দেওয়া এই স্মারকলিপিতে সায়মার মৃত্যুর সুষ্ঠু তদন্ত, জড়িতদের কঠোর শাস্তি এবং তার পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে সংগঠনটি পাঁচটি নির্দিষ্ট দাবি উপস্থাপন করেছে— ১। সায়মার মৃত্যুর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করা; ২। তার পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান; ৩। পরিবারের কর্মক্ষম সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করা; ৪। সায়মার স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে “সায়মা স্মৃতিফলক” নির্মাণ; ৫। দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা।

স্মারকলিপিটি জমা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং ছাত্র-উপদেষ্টার কাছে।

কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, সায়মার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়—এটি পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের জন্য গভীর বেদনার। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।