সালাহউদ্দিন আহমেদের অনুরোধে অবশেষে অনশন ভাঙলেন তারেক রহমান

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
সালাহউদ্দিন আহমেদের অনুরোধে অবশেষে অনশন ভাঙলেন তারেক রহমান

মোঃ জাহেরুল ইসলাম:

দলের নিবন্ধনের দাবিতে টানা ১৩৩ ঘণ্টার অনশন শেষে অবশেষে অনশন ভেঙেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আহ্বানে রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে অ্যাম্বুল্যান্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

গত মঙ্গলবার বিকাল থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেছিলেন তারেক রহমান। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলেও তিনি দল নিবন্ধনের দাবিতে অনড় ছিলেন। পরিস্থিতির অবনতি দেখে রাতেই উপস্থিত হয়ে তাকে অনশন ভাঙাতে রাজি করান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন। তারেক নিজেও দীর্ঘদিন নির্যাতনের শিকার।”

তিনি আরও বলেন, দলটি গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেই তারা নিবন্ধনের আবেদন করেছিল। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পরও নির্বাচন কমিশন তাদের দলকে নিবন্ধন দেয়নি। “আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসির সঙ্গে কথা বলেছি। আশা করি তারা ন্যায়বিচার দেবে,” মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

সালাহউদ্দিন আহমেদ জানান, শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে তিনি তারেক রহমানকে অনশন ভাঙার অনুরোধ করেন। “তারেক আমার অনুরোধ রেখেছেন। এখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাশাপাশি নির্বাচন কমিশনও তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।”

উল্লেখ্য, আমজনতার দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন আবেদন করলে তা গ্রহণ না হওয়ায় তারা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই দাবিতেই অনশনে বসেন দলের সদস্য সচিব তারেক রহমান।

হাসপাতালে পৌঁছানোর পর তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।