সালমান শাহ হত্যা মামলা: আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম
সালমান শাহ হত্যা মামলা: আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় কোনো আসামি যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুনঃতদন্তের কাজ এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই তদন্তে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। প্রথমে তার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবার শুরু থেকেই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের অভিযোগ, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় একাধিকবার আত্মহত্যা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হলেও সালমান শাহর মা নীলা চৌধুরী এ প্রতিবেদনে আপত্তি জানান এবং রিভিশনের আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে, গত ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই নতুন করে তৎপর হয় পুলিশ এবং শুরু হয় পুনঃতদন্ত।

তদন্ত সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃতদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই চলছে।

হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য আসামিরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

তদন্ত কর্মকর্তারা আশা করছেন, পুনঃতদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এবার গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।