সারজিস আলমের চ্যালেঞ্জ: এক টাকারও অভিযোগ থাকলে রাজনীতি থেকে ইস্তফা দেবেন
ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি আটোয়ারী উপজেলায় একটি মতবিনিময় সভায় বলেন, “যদি কেউ গত এক বছরে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে, তাহলে আমি সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব।”
শনিবার (৪ অক্টোবর) উপজেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত এই সভায় আটোয়ারী উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
সারজিস আলম বলেন, “একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক—এগুলো আমাদের প্রতিবেশী এবং আগামী প্রজন্মের জন্য সুবিধা বয়ে আনবে। এই জন্য আমরা যদি কিছু করতে পারি, অন্য দলগুলোও যদি প্রতিষ্ঠানগুলোর জন্য ভালো কাজ করতে পারে, তবেই সার্বিক উন্নয়ন সম্ভব। আটোয়ারী পিছিয়ে থাকবে না।”
তিনি আরও বলেন, “এই জায়গাটা হিংসার নয়, বরং দেখার জায়গা কে কত বেশি ভালো কাজ করতে পারে। তাই সবাইকে নিজেদের জায়গা থেকে কাজ করার আহবান জানাচ্ছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা আমার কল্পনার চেয়ে বেশি। এখন আমার দায়িত্ব হলো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যায় ও সৎভাবে পালন করা।”
এছাড়া তিনি বলেছেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন মানুষ প্রয়োজন, যিনি কখনো ভাববেন না বাজেটের কত টাকা খরচ করে কোথায় জমি বা বাড়ি করবেন। যারা এই ধরনের ভাবনা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারজিস আলম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আটোয়ারী উপজেলার মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলনের সময় যদি কোনো অফিসে এক টাকার ঘুষ দিতে হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টাকা উত্তোলনের পর যদি কোনো মসজিদ, মন্দির বা ঈদগাহ ময়দানের সভাপতি/সেক্রেটারির বিরুদ্ধে অর্থদুর্নীতি বা খারাপ ব্যবহারের অভিযোগ আসে, তাদেরও ছাড় দেয়া হবে না।”
সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে আটোয়ারী উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কারের বরাদ্দকৃত প্রকল্প তালিকা পাঠ করা হয়। এতে মোট ৩০টি মসজিদ, ৯টি মন্দির এবং ১১টি রাস্তা সংস্কারের বরাদ্দ ধরা হয়েছে।









