সাফল্যের মঞ্চে কালাইয়ের মেধাবীরা: সংবর্ধনা পেলো ১৬৯ শিক্ষার্থী
সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে এক আনন্দঘন পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের উদ্যোগ নেয় কালাইয়ের পাঁচশিরা বাজারে অবস্থিত ইয়া ইলেকট্রনিক্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। প্রধান আলোচকের আসনে থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের সাফল্যে পুরো সমাজ উজ্জীবিত হয়। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা বহন করে। বক্তারা পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন আমাদের গর্বের, আনন্দের এবং আশা জাগানিয়া এক মুহূর্ত। আমাদের প্রিয় ১৬৯ জন শিক্ষার্থী তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।তাদের এই অসাধারণ অর্জনকে সম্মান জানাতেই আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান।তিনি আরো বলেন, এমন স্বীকৃতি শিক্ষার্থীদের এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা দেবে। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি নিদর্শন হিসেবেও এই আয়োজন বিবেচিত হতে পারে।
অনুষ্ঠানে কালাই উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৬৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে একটি সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়, যা তাদের শিক্ষা জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
আয়োজক আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান বলেন, শুধু এ বছরই নয়, গত পাঁচ বছর ধরে আমরা এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছি।আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আমরা চাই এলাকার শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে আরও এগিয়ে যাক।









