সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে ফুঁসে উঠলেন নেতাকর্মীরা
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। সদ্য ঘোষিত বিএনপির প্রার্থীদের তালিকায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও “গরিবের ডাক্তার” হিসেবে পরিচিত ডা. শহিদুল আলমের নাম না থাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রবিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে শুরু হয় প্রতিবাদের ঝড়। একই রাতে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের প্রিয় নেতা ডা. শহিদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই আসনে যদি ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়া হয়, তবে বিএনপি নিশ্চিতভাবে এই আসন হারাবে।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস.এম. হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম শুধু বিএনপির নয়, তিনি সাধারণ মানুষের কাছেও একজন মানবিক ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরা-৩ আসনে দলের হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তাকে উপেক্ষা করা হলে দলের ভিত্তি দুর্বল হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের শক্তি বৃদ্ধি, অসহায় মানুষের পাশে থাকা এবং চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ফলে তার মনোনয়ন না পাওয়া তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে।
📌 উল্লেখ্য, সম্প্রতি বিএনপি কেন্দ্রীয়ভাবে সাতক্ষীরার চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে প্রার্থী করা হয়েছে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে।









