সাতক্ষীরার কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজের অবহেলায় দুই ব্যবসায়ীর কোটি টাকার আলু বিনষ্টের অভিযোগ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজের অবহেলায় দুই ব্যবসায়ীর কোটি টাকার আলু বিনষ্টের অভিযোগ

এস এম তাজুল হাসান সাদ, বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ‘ভাই ভাই কোল্ডস্টোরেজ’ কর্তৃপক্ষের অবহেলায় দুই ব্যবসায়ীর বিপুল পরিমাণ আলু নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের জাহাঙ্গীর হোসেন ও হোগলা গ্রামের মাহাবুর রহমান নামে দুই ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকায় অবস্থিত ভাই ভাই কোল্ডস্টোরেজে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ দাবি করে গত ২৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, কোল্ডস্টোরেজের মালিক কাজী হাফিজুর রহমানের ছেলে কাজী শাহীন ও কাজী মুরাদের আশ্বাসে তারা ৬৭০ বস্তা বীজ আলু ও ১,০০০ বস্তা খাওয়ার আলু সংরক্ষণের জন্য দেন, যার আনুমানিক মূল্য ৪১ লাখ টাকারও বেশি। কিন্তু পরে দেখা যায়, বস্তাগুলো ভিজে গেছে এবং আলুগুলোর অঙ্কুর বের হয়ে গেছে, ফলে খাওয়ার ও বিক্রির অনুপযোগী হয়ে পড়ে।

এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দাবি করেন, স্টোরেজে যথাযথভাবে সংরক্ষণ না করায় তাদের প্রায় ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের কথা তুললে স্টোরেজ মালিকরা হুমকি-ধামকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ভাই ভাই কোল্ডস্টোরেজের মালিক কাজী শাহীন বলেন, “অভিযোগটি ভিত্তিহীন। আমাদের কোল্ডস্টোরেজের যথেষ্ট সুনাম রয়েছে। যারা আলু রেখেছিল, তারা ইতিমধ্যেই তা নিয়ে গেছে।” তবে কত বস্তা আলু তারা নিয়ে গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। হুমকির অভিযোগও অস্বীকার করেন তিনি।