সাতক্ষীরার কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে শেখ আবু সাইদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলা পরিষদ মাঠের অদূরে অবস্থিত সোনালী ব্যাংক ভবনের পাশে দ্রুত গতিতে এই ভবন নির্মাণের কাজ চলছে বলে জানা গেছে। এ ঘটনায় নির্মাণ কাজ বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জের শীতলপুর মৌজায় এসএ ৩৪৬ নম্বর খতিয়ানে পানি উন্নয়ন বোর্ড ৩৭/৭০-৭১ এল.এ. কেসের মাধ্যমে প্রায় ৪২ শতক জমি অধিকরণ করে। সাবেক ৭০৬, ৭০৮ ও ৭৪৭ দাগের ওই জমিটি বর্তমানে ৩ নং খতিয়ান ও বিআরএস ২৯০৬ দাগে পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত রয়েছে। অথচ ওই সরকারি জমিতেই শীতলপুর গ্রামের মৃত নূর আলী শেখের ছেলে শেখ আবু সাইদ (৪৮) অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২৬ অক্টোবর এই অভিযোগটি দাখিল করেন শীতলপুর গ্রামের মৃত শেখ ইউনুছ আলীর ছেলে, সাবেক সেনা সদস্য শেখ আব্দুল্লাহ (৫৬)।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর সেকশন অফিসার (এসও) ও কালিগঞ্জের (৫নং) পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রোমিত হোসেন জানান, “ঘটনার বিষয়টি জানার পর আমরা গতকাল থেকেই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। তবে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের কিনা, সেটি আমরা যাচাই করছি। অভিযুক্ত পক্ষ তাদের কাগজপত্র জমা দিয়েছে, আপাতদৃষ্টিতে সেগুলো ঠিক মনে হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমাদের রাজস্ব সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দেবেন।”
স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, সরকারি প্রতিষ্ঠানের জমি দখল করে ভবন নির্মাণ একটি দুঃসাহসিক কাজ, যা প্রশাসনের উদাসীনতার কারণে ঘটছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ নির্মাণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।









