সাজেকের মাচালং এ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
মো:ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে এ কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় প্রায় ১৩০ জন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত টুআইসি মেজর নাহিদ বিন হাফিজ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও), এবং মাচালং আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মাচালংয়ে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।









