সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে শেষবারের মতো ছয় মাস সময় হাইকোর্টের
ডেস্ক রিপোর্ট:
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শেষবারের মতো ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, এ সময়ের মধ্যে যেকোনোভাবেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সাগর-রুনির পরিবারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে গত ২২ এপ্রিলও হাইকোর্ট একই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য টাস্কফোর্স কমিটিকে ছয় মাস সময় দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দাখিল না হওয়ায় আজ আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়।
এ নিয়ে এখন পর্যন্ত ১১৩ বার সময় বৃদ্ধি করা হলো সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও, এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও এখনো তদন্ত শেষ হয়নি।
সাগর-রুনির পরিবার ও সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও তদন্ত অগ্রগতির দাবি জানিয়ে আসছে।









