সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি রাজশাহীর সাংবাদিকদের

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি রাজশাহীর সাংবাদিকদের

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সংবাদকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ও আশপাশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। কিন্তু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখনো আদালতে জমা হয়নি। এ পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ১২১ বার পেছানো হয়েছে, যা দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করছে বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, বিগত সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাংবাদিকদের ওপর দমননীতি চালিয়েছে। সে সময় অন্তত ছয়জন সাংবাদিককে হত্যা বা গুম করা হয়। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এসব ঘটনায় কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, যা হতাশাজনক।

তারা আরও বলেন, আগের সরকারের সময় বহু সাংবাদিক অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি টেলিভিশন চ্যানেল, যার মধ্যে রয়েছে দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও চ্যানেল ওয়ান। বক্তারা দাবি জানান, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং বন্ধ টেলিভিশনগুলো পুনরায় চালু করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদী হাসান শ্যামল, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি রজব আলী, এনটিভির ব্যুরো প্রধান স. ম. সাজু, এবং ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবীব অপুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।