সাঁথিয়ায় লাইসেন্সবিহীন বেকারিতে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
সাঁথিয়ায় লাইসেন্সবিহীন বেকারিতে মোবাইল কোর্টের জরিমানা

আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি: :

পাবনা (সাঁথিয়া): সাঁথিয়া উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকায় অবস্থিত ‘পিওর লাইফ ফুড, বেকারি অ্যান্ড পেস্ট্রি’ নামের খাদ্যপ্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(৯ অক্টোবর) বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। তিনি জানান, লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রতিষ্ঠানকে সতর্ক করে আগামী ১৫ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে বিএসটিআই লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হবে। পাশাপাশি তিনি সকল খাদ্যপ্রতিষ্ঠান মালিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় এলাকাবাসী মোবাইল কোর্টের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান ভেজাল ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা তাদের।