সরকারের দুর্বলতায় সাহস পাচ্ছে আওয়ামী দোসররা: রাশেদ খান
ডেস্ক রিপোর্ট:
সরকারের দুর্বলতায় আওয়ামী দোসররা সাহস পাচ্ছে এবং প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাশেদ খানের অভিযোগ:
সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন,
“গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডা. জারাকে অপদস্থ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। গতকাল রাতে গণ অধিকার পরিষদের সহসভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে।”
তিনি আরও বলেন, “বরং বিএনপি-জামায়াত তকমা দিয়ে যাদের ১৬ বছর বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরও বঞ্চিত করেছে। এখন সরকারের উপদেষ্টারা বলছেন, সব বিএনপি-জামায়াত ভাগ করে নিয়েছে। তাহলে জনগণের ভাগ কোথায়? আপনারা এভাবে দায় এড়াতে পারেন না।”
হাসান আল মামুনের বক্তব্য:
গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন বলেন,
“আওয়ামী লীগের শাসনামলে যেভাবে সাদা পোশাকে সাধারণ মানুষকে ধরে নিয়ে যেত, ঠিক সেভাবেই গত ২৮ সেপ্টেম্বর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গাজীপুর থেকে তুলে নিয়ে গিয়ে হামলা করা হয়। অথচ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা-ও জানা যায়নি।”
উপস্থিত নেতৃবৃন্দ:
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।









