সরকারি চাকরি ছেড়ে দাওয়াতি জীবনে আত্মনিয়োগ: জীবনের এক অধ্যায় স্মরণ করলেন ড. শফিকুর রহমান

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
সরকারি চাকরি ছেড়ে দাওয়াতি জীবনে আত্মনিয়োগ: জীবনের এক অধ্যায় স্মরণ করলেন ড. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: গত ৪ অক্টোবর (শনিবার) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দেশের নির্বাচিত মুফাসসির ও ইসলামি চিন্তাবিদদের নিয়ে আয়োজিত এক স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। আলোচনায় তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের স্মৃতি তুলে ধরেন—যে মুহূর্তে তিনি সরকারি চাকরি ছেড়ে সংগঠন ও দাওয়াতের ময়দানে আত্মনিয়োগের সিদ্ধান্ত নেন।


ড. শফিকুর রহমান বলেন, “সরকারি চাকরির পোস্টিং হয়েছিল সুনামগঞ্জের একটি সরকারি হাসপাতালে ডাক্তার হিসেবে। চাকরিতে ছিলাম মাত্র এক বছর তিন মাস। হঠাৎ সিলেট থেকে টেলিফোন এলো—আগামীকাল সকাল সাড়ে দশটায় সিলেট জামায়াতে ইসলামীর অফিসে থাকতে হবে। নৌকা আর রিকশায় করে সুনামগঞ্জ থেকে সিলেট পৌঁছাতে গিয়ে দেখি মিটিং শেষ। কিন্তু আমি পৌঁছাতেই দায়িত্বশীলরা আবার বসেন। তারা জানালেন—আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি সিলেটে চলে আসবেন।”


তিনি আরও বলেন, “আমি আর কিছু বুঝতে সময় নিলাম না, শুধু বলেছিলাম—আমাকে ৩০ মিনিট সময় দিন।”

এর পর থেকেই শুরু হয় তার জীবনের নতুন দাওয়াতি ও সংগঠনিক পথচলা।


স্মৃতিচারণমূলক এ আয়োজনে দেশের খ্যাতনামা মুফাসসির, আলেম ও ইসলামি চিন্তাবিদরা অংশ নেন। তারা ড. শফিকুর রহমানের আদর্শ, ত্যাগ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন সফল চিকিৎসক হয়েও তিনি যে ত্যাগের মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আত্মনিয়োগ করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


অনুষ্ঠান শেষে ড. শফিকুর রহমান মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য দোয়া করেন।