সরকারি কলেজে আওয়ামী লীগ কর্মীদের নিয়ে জামায়াতের নির্বাচনি কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সরকারি কলেজের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বলে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুসং সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতারা মাঠপর্যায়ের সংগঠনের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।
এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী নেত্রকোনা-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, দুর্গাপুর পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান এবং জেলা মানবসম্পদ উন্নয়ন বিভাগের সভাপতি জহির উদ্দিন প্রমুখ
সুসং সরকারি কলেজের এক সিনিয়র প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
> “সরকারি কলেজের মিলনায়তনে কোনো রাজনৈতিক দলের সভা বা কর্মশালা আয়োজনের অনুমতি সাধারণত দেওয়া হয় না। আমি শিক্ষক হিসেবে এমন কোনো অনুমতির বিষয়ে জানি না।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ সাংবাদিক পরিচয় জানার পর বলেন,
> “আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো।”
দুর্গাপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন,
> “আওয়ামী লীগে অনেক কর্মী আছেন যারা ত্যাগী ও নিষ্ঠাবান, কিন্তু মূল্যায়ন পাননি। তারা যদি আমাদের আহ্বানে সাড়া দেন, তাহলে তাদের নিয়ে প্রশিক্ষণ বা আলোচনা সভা করায় কোনো সমস্যা দেখি না।”
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন,
> “সরকারি কলেজ মিলনায়তনে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে—এ বিষয়ে আমি অবগত নই। এটি কলেজ কর্তৃপক্ষের নিজস্ব বিষয়। তবে যদি আইনশৃঙ্খলার কোনো সমস্যা সৃষ্টি হয়, প্রশাসন ব্যবস্থা নেবে।”
স্থানীয়দের প্রশ্ন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় কোনো রাজনৈতিক দলের নির্বাচনি কর্মশালা কীভাবে অনুষ্ঠিত হলো—এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছেন।









