সম্মেলনের মঞ্চেই আসরের নামাজ আদায়, প্রশংসায় ভাসছেন সালাহউদ্দিন আহমেদ
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঞ্চের পেছনের অংশে আসরের নামাজ আদায় করে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। সম্মেলন চলাকালীন সময়ের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটায় কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ।
সম্মেলন চলাকালে আজানের ধ্বনি ভেসে আসতেই সালাহউদ্দিন আহমেদ মঞ্চের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করেন। রাজনৈতিক সমাবেশের ভেতর এমন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হওয়ায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন দেখা দেয়।
কুমিল্লার স্থানীয় বাসিন্দা শিপন আহমেদ বলেন, “রাজনৈতিক মঞ্চে থেকে একজন শীর্ষ নেতা নামাজ আদায় করছেন—এটা খুবই অনুপ্রেরণাদায়ী দৃশ্য। এমন কর্মকাণ্ড কর্মীদের ধর্মীয় মূল্যবোধের প্রতি আরও আন্তরিক করে তুলবে।”
বিএনপি নেতা ওমর ফারুক বলেন, “আসরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সালাহউদ্দিন আহমেদ নামাজে দাঁড়িয়ে যান। একজন নেতার এমন গুণাবলি সত্যিই কর্মীদের জন্য অনুকরণীয়।”
ব্যাপক উপস্থিতি
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই কুমিল্লা টাউন হল ময়দান ও আশপাশে নেতাকর্মীদের ঢল নামে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ১৪টি ইউনিটের নেতাকর্মীরা দুপুর ১২টা থেকে অবস্থান নেন। সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ও প্রায় ৫ হাজার ৮০০ জন ডেলিগেট অংশ নেন। পাশাপাশি আশপাশের এলাকায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
নতুন নেতৃত্ব ঘোষণা
সম্মেলন শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নতুন কমিটি ঘোষণা করেন। এতে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করে নেতারা আশা প্রকাশ করেন যে দক্ষিণ জেলার বিএনপি আরও সুসংগঠিত হয়ে আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









