শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার রায় ১৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ১৭ নভেম্বর দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটরগণ।
এদিকে মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণার পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত ছিল, কারণ এটি জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্যতম বড় মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি রাষ্ট্রপক্ষ গত বছর দায়ের করে। তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের অক্টোবরে মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়।
আগামী ১৭ নভেম্বর (সোমবার) ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার মধ্য দিয়ে এই মামলার বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে বলে আইনজীবীরা জানিয়েছেন।









