শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্ত্রী বলা সেই বিএনপি নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখা হাসিনাকে স্মরণ করছি’—এমন বক্তব্য দেওয়ায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
সোমবার (১০ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুন্সি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, গত ৭ নভেম্বর তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উক্ত বিতর্কিত বক্তব্যের মাধ্যমে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা স্পষ্টভাবে দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল।
ঘটনাস্থলে উপস্থিত কর্মী–সমর্থকরা ওই বক্তব্যে হতবাক প্রতিক্রিয়া জানান। পরবর্তীতে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় নেতৃত্বের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সঞ্চার হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে দলে ব্যাপক আলোচনা তৈরি হয়।
নোটিশে আরও বলা হয়, মেহেদী হাসান সেলিম ভূইয়াকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপি কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মেহেদী হাসান সেলিম ভূইয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন। সেখানে তিনি ঘটনাটিকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভাষাগত ভুল বলে দাবি করেন এবং দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান।
ঘটনাটি ঘিরে বিএনপির স্থানীয় অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।









