শিক্ষার্থীদের ৫ হাজার কোরআন উপহার দিল চবি ছাত্রশিবির
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার কুরআন উপহার দিয়েছে শাখা ছাত্রশিবির। সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, শাখা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং চবি শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসু ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা।
সভাপতি মোহাম্মদ আলী জানান, “আমাদের এই কর্মসূচি মূলত গত ১৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও নির্বাচনি আচরণবিধির কারণে তা স্থগিত করা হয়। পাশাপাশি গত রোববার নোয়াখালীতে ছাত্রশিবিরের কুরআন ক্লাসে বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদেও আমরা এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ছিল পাঁচ হাজার কুরআন বিতরণ করা। ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণ হয়েছে। শিক্ষার্থীদের কুরআনের প্রতি আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।”









