শিক্ষার্থীদের তুলিতে নিরাপদ সাইবার জগতের আকাঙ্ক্ষা: খুলনায় সাকমিড-এর ব্যতিক্রমী উদ্যোগ
খুলনা প্রতিনিধি:
খুলনায় নারীর প্রতি অনলাইনে হওয়া বিভিন্ন সহিংসতা রোধে এবং সচেতনতা তৈরির লক্ষ্যে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার, ৫ নভেম্বর নগরীর শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এই ক্রর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায়। খুলনা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডব্লিউএফ)।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪১ জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, তাদের সৃজনশীলতা ও সচেতনতার বহিঃপ্রকাশ ঘটেছে এই চিত্রকর্মের মাধ্যমে। শিক্ষার্থীরা অনলাইনে সহিংসতা, সাইবার নিরাপত্তা ও নারীর নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে তাদের শিল্পকর্মে তুলে ধরে নানান বার্তা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডব্লিউএফ) এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম এবং প্রোগ্রাম সমন্বয়ক আআজিজুর রহমান ছবি।
এ ছাড়া সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর উর্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের উর্ধতন শিক্ষকগণ প্রতিযোগিতাটির সার্বিক আয়োজনে সহায়তা করেন।
এই প্রতিযোগিতাটি ছিল সাকমিড পরিচালিত "ডিজিটাল হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মী, ছাত্রী ও কমিউনিটি নারীদের সচেতনতা বৃদ্ধি" প্রকল্পের একটি অংশ। প্রকল্পটির মাধ্যমে তরুণ-তরুণী ও নারীদের মধ্যে ডিজিটাল শিক্ষা, তথ্য যাচাই এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
আয়োজকরা মনে করেন, এ ধরনের ক্রমসূচি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল জগতের ঝুঁকি সম্পর্কে প্রতিরোধমূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।









