শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা, প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
মোঃ-তানজু, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রায়পুর উপজেলার বেগম রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে আনীত ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালতাতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক আব্দুর রহিম একজন সৎ, দায়িত্বশীল ও আদর্শবান শিক্ষক। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
তারা আরও বলেন, “একজন শিক্ষকের সম্মানহানির জন্য এ ধরনের মিথ্যা মামলা দায়ের অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”
মানববন্ধনে বক্তারা মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রধান শিক্ষক আব্দুর রহিমকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।









