শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম
শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: 

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ নির্ধারণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ভাতার সর্বনিম্ন পরিমাণ হবে দুই হাজার টাকা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এ তথ্য জানান।

তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছে। এর ধারাবাহিকতায় সীমাবদ্ধতার মধ্যেও অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করেছে বেতন-ভাতা বাড়াতে। সরকারের যতটুকু সাধ্য ছিল, ততটুকুই দিয়েছে।”

অধ্যাপক আবরার আরও বলেন, “এখন শিক্ষকদের উচিত রাজপথ ছেড়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়া। শিক্ষার্থীদের ক্ষতি না করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পথ খুঁজে নিতে হবে।”

তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন শিক্ষকরা। পাঁচ শতাংশ বাড়িভাড়া দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

তারা জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।

বাংলাদেশ শিক্ষক সমিতির এক নেতা বলেন, “আমরা কোনো উপকার ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই। আমাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন।