শিক্ষকদের দুর্দশায় জাতির অগ্রগতি সম্ভব নয়: সারজিস আলম

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
শিক্ষকদের দুর্দশায় জাতির অগ্রগতি সম্ভব নয়: সারজিস আলম

স্টাফ রিপোর্টার:

শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন,

> “আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। শিক্ষকদের প্রতি অবহেলা মানে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অবহেলা।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার না দিলে উন্নয়নের গতি থেমে যাবে।

এর আগে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, আজ রাতের মধ্যে দাবি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় যমুনার উদ্দেশে লং মার্চ শুরু করবেন তারা।

এর আগে বুধবার দুপুরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে, তবে শিক্ষকরা ব্যারিকেড অতিক্রম করে দুপুর ২টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন।

সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান দেন ও তিন ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চালান। পরে বিকেল ৫টার আগে তারা অবরোধ তুলে নিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।

শিক্ষকরা জানিয়েছেন, সরকার তাদের দাবি পূরণে আন্তরিক না হলে তারা বৃহত্তর কর্মসূচির পথে যাবে।