শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট অবতরণ করে, নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার পরপরই ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, “ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে।”
আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় ঢাকাগামী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্পভাবে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট নিরাপদে অবতরণ করে। এর মাধ্যমে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।”
আগুনে কার্গো ভিলেজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে আমদানি করা বিভিন্ন পণ্য ও চালান সংরক্ষিত ছিল। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের যৌথ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও বিমান সংস্থাগুলোর মধ্যে।









