শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্থগিত ফ্লাইট ওঠানামা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্থগিত ফ্লাইট ওঠানামা

মোঃ জাহেরুল ইসলাম:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর কার্গো সেকশনের পাশে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী, এয়ারপোর্ট সিকিউরিটি ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন।

আগুনের কারণে সাময়িকভাবে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হয় কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে। সেখানে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়ায় কার্গো ভিলেজ এলাকা অন্ধকার হয়ে যায়। অনেকে জীবন বাঁচাতে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আগুনের তাপ এত বেশি ছিল যে দূর থেকেও গরম অনুভূত হচ্ছিল।”

এ ঘটনায় বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস এবং বেসরকারি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের বহু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার তৎপরতায় বিমানবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বেবিচকের সদস্যরাও অংশ নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্গো ভিলেজ এলাকায় প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে, যাতে নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।