শাপলা প্রতীক না পেলে এনসিপি নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম
শাপলা প্রতীক না পেলে এনসিপি নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পেলে কোনোভাবেই দলটির নিবন্ধন নেবে না বলে ঘোষণা দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

> “শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সামনে এখন দুটি পথ—

> “হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান ও সোনালি আঁশ প্রতীক বাদ দিতে হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। এ নিয়ে যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।”

এনসিপি নেতা অভিযোগ করেন, শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনি বা রাজনৈতিক কারণ নেই, বরং “অদৃশ্য শক্তির প্রভাব” কাজ করছে। তিনি বলেন,

> “কেন তারা শাপলা দেবে না, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। মনে হচ্ছে, কোনো অদৃশ্য শক্তির প্রভাব এখানে কাজ করছে।”

বৈঠকে উপস্থিতি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রায় দুই ঘণ্টা ধরে তারা কমিশনের কাছে প্রশ্ন রাখলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কোনো বক্তব্য দেননি।

> “দুই ঘণ্টা আমরা তাদের প্রশ্ন করেছি, প্রতীক না দেওয়ার ব্যাখ্যা কী? কিন্তু সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দেননি। আমরা উনার ধৈর্যশক্তির প্রশংসা করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বলে এসেছি—শাপলা না দিলে ব্যাখ্যা দিতে হবে।”

এ সময় নির্বাচন কমিশনের গোপন নথি গণমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতা। তিনি বলেন,

> “আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে আছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি কীভাবে একটি পত্রিকার হাতে যায়, সেটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কমিশনের কাছে এ বিষয়ে জবাব চেয়েছি।”

শাপলা প্রতীক পাওয়ার দাবিতে গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

> “অধিকারের প্রশ্নে কোনো আপস হবে না। জল অনেক দূর গড়াতে পারে। শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। আর নিবন্ধন ছাড়া কোনো দল নির্বাচনে যেতে পারে না।”