শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি, আজই শেষ দিন প্রতীক বাছাইয়ের

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম
শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি, আজই শেষ দিন প্রতীক বাছাইয়ের

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে প্রতীক বাছাইয়ের শেষ দিন আজ রোববার (১৯ অক্টোবর)। এদিনের মধ্যেই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিকল্প প্রতীক সম্পর্কে জানাতে হবে। অন্যথায় কমিশন নিজ বিবেচনায় দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে প্রতীকের বিষয়ে চূড়ান্ত মত জানাতে হবে। না জানালে কমিশন নিজ সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্ধারণ করবে। বিধিমালায় শাপলা প্রতীক রাখার কোনো প্রয়োজন কমিশন দেখছে না।”

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি স্পষ্ট জানিয়েছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে তারা নিবন্ধন নেবে না।

ইসি সচিব আরও জানান, প্রতীক বাছাই প্রক্রিয়ায় সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, রোববার সকাল ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানা গেছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, তারা শাপলা প্রতীকেই অনড় এবং দলীয় ঐতিহ্য ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই প্রতীকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত।

একজন কেন্দ্রীয় নেতা বলেন, “শাপলা আমাদের জনগণের প্রতীক—এটা শুধু একটি প্রতীক নয়, এটি আমাদের আন্দোলনের প্রতিচ্ছবি। তাই আমরা শাপলা ছাড়া অন্য কিছুতে রাজি নই।”

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আজকের সাক্ষাতের পর এনসিপির ভবিষ্যৎ প্রতীক নিয়ে কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।