শাপলা নয়, বেগুন-বালতিসহ ৫০ প্রতীক থেকে বেছে নিতে এনসিপিকে ইসির নির্দেশ

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
শাপলা নয়, বেগুন-বালতিসহ ৫০ প্রতীক থেকে বেছে নিতে এনসিপিকে ইসির নির্দেশ



ডেস্ক রিপোর্ট: শাপলা প্রতীক বরাদ্দের দাবি তুললেও শেষ পর্যন্ত তা পায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বরং নির্বাচন কমিশন (ইসি) দলটিকে বেগুন, বালতি, মোরগ, টিউবওয়েলসহ ৫০টি প্রতীক থেকে নিজেদের একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে চূড়ান্ত প্রতীক বাছাইয়ের সিদ্ধান্ত জানাতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে ইসির নির্বাচন সহায়তা শাখা।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’ নিবন্ধনের জন্য আবেদন করে এবং প্রতীক হিসেবে প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোনকে পছন্দক্রমে উল্লেখ করে। পরবর্তীতে সংশোধন এনে তারা শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার দাবি করে। তবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকাভুক্ত প্রতীকের মধ্যে শাপলা নেই। বিধি ৯(১) অনুসারে নিবন্ধিত দলের জন্য শুধুমাত্র তালিকাভুক্ত প্রতীক বরাদ্দযোগ্য। তাই এনসিপিকে নতুন করে প্রদত্ত ৫০ প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।’


যেসব প্রতীক থেকে বেছে নিতে হবে এনসিপিকে:

আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।


ইসিতে হুমকি ও সিইসির প্রতিক্রিয়া:

এনসিপির একটি প্রতিনিধিদল সম্প্রতি ইসিতে গিয়ে শাপলা প্রতীক না পেলে তা আদায় করার হুমকি দেয়। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন,

“রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন। এটা তাদের বলার অধিকার আছে। আমরা শুনব, কিন্তু আইন মোতাবেক কাজ করব। আমরা এটাকে হুমকি মনে করি না। তারা দেশদ্রোহী নন, দেশপ্রেমিক। দেশের মঙ্গলের জন্যই কাজ করতে চান।”


নিবন্ধিত দলের সংখ্যা:

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হওয়ার পর এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণ না করা এবং আদালতের নির্দেশে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়। এর মধ্যে সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে।


ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ আরও দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৩টি দলের আবেদন এখনো পর্যালোচনায় রয়েছে।


 সব মিলিয়ে, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে এনসিপির নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।