শনিবার হজ কার্যক্রমের জন্য ব্যাংক খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম
শনিবার হজ কার্যক্রমের জন্য ব্যাংক খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ডেস্ক রিপোর্ট:

হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার (১৮ অক্টোবর) ব্যাংকের নির্দিষ্ট শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাগুলো শনিবার খোলা রাখতে হবে। আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণ কার্যক্রম চালু রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, হজ-সম্পর্কিত কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা এবং অর্থ লেনদেনের নিরাপত্তা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর হজ নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন ফি ও অন্যান্য অর্থ ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। এ কারণে ব্যাংক খোলা রাখার এই সিদ্ধান্তকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।