শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য, জনগণের সেবার জন্য নয়
ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য। জনগণের সেবা এবং দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয়।”
শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগকালে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা। কিন্তু আমাদের ব্যবসা করার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার আমরা তাই করব। সঠিকভাবে উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদেরকে ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না। তাই আমাদের আগে নিজেদের সচেতন হতে হবে।”
গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, দেবিদ্বার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। তিনি বলেন, “রাস্তাঘাটের করুণ অবস্থা আজও বিরাজ করছে। আমরা এখন মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করছি।”
জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “আপনাদের অনৈক্যের সুযোগ নিয়েই রাজনৈতিক দলগুলো মজা লুটে। আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।”
এ সময় গণসংযোগে দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









