রেড ক্রিসেন্ট সোসাইটিতে এনসিপি নেতার বিরুদ্ধে অরাজকতা ও দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি সংশ্লিষ্টদের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভেতরে চলমান উন্নয়ন কার্যক্রমের মাঝেই দুর্নীতি, অনিয়ম ও অরাজকতার অভিযোগ উঠেছে সংস্থাটির একাধিক কর্মকর্তা ও পরিচালকের বিরুদ্ধে। সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. আজিজুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন সংস্কার উদ্যোগ ও উন্নয়ন কাজ শুরু হলেও, কিছু প্রভাবশালী কর্মকর্তা সেই উদ্যোগে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার দীর্ঘদিন ধরে টেন্ডার বাণিজ্য, নিয়োগে অনিয়ম, বদলি বাণিজ্যসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের প্রভাব ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে। দুর্নীতির দায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাকে শাস্তিমূলকভাবে চট্টগ্রামের জেমিসন হাসপাতালে বদলি করা হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, বদলি হয়েও তিনি প্রভাব বিস্তার করে চলেছেন। তার সহযোগিতায় সোসাইটির বর্তমান ট্রেজারার মো. আমিনুল ইসলাম এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত উপ-পরিচালক ও রাজনৈতিক সংগঠন এনসিপির নেতা মুনতাসির মাহমুদ সম্প্রতি বহিরাগতদের দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে অরাজকতা সৃষ্টি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বহিরাগত কিছু লোকজন অফিসে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এরপর মুনতাসির মাহমুদ নিজে উপস্থিত হয়ে সিকিউরিটি স্টাফদের হুমকি দিয়ে ওই ব্যক্তিদের অফিসে প্রবেশ করান। তারা চেয়ারম্যান সচিবালয়, মহাসচিব দপ্তরসহ বিভিন্ন বিভাগে গিয়ে উত্তেজনা সৃষ্টি ও মব তৈরি করে।
এ ঘটনায় বিদেশি ডেলিগেটদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিদিন আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ২০-২৫ জন বিদেশি প্রতিনিধি এই অফিসে কাজ করেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতিরঝিল থানায় বিষয়টি অবহিত করেছে।
অভিযোগ রয়েছে, মুনতাসির মাহমুদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সোসাইটিতে নিয়োগ পান। তিনি নিয়মিত অফিস না করে বিভিন্ন সময় বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সিসিটিভি ফুটেজে এসব কর্মকাণ্ডের প্রমাণও নথিবদ্ধ হয়েছে বলে জানা গেছে।
একাধিক কর্মকর্তা জানান, মুনতাসির মাহমুদ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি তেজগাঁও বা হাতিরঝিল এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। একটি অরাজনৈতিক মানবিক সেবা প্রতিষ্ঠানের পদে থেকে তার এমন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রতিষ্ঠানটির নীতি ও ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন কর্মকর্তারা।
রেড ক্রিসেন্টের কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই ধরনের কর্মকাণ্ডে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বিদেশি ডেলিগেটরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ উপদেষ্টা, সচিব এবং সোসাইটির চেয়ারম্যানের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।









