রাস্তার পাশে বা খোলা বাজারে তেল বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ
এস এম তাজুল হাসান সাদ, বিশেষ প্রতিনিধি:
রাস্তার পাশে বা খোলা বাজারে অকটেন ও পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ডিলার ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জ্বালানি তেল বিক্রি করতে পারবে না বলে কঠোর নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা প্রশাসককে এ নির্দেশনা দেওয়া হয়।
বিপিসি জানায়, জ্বালানি তেল একটি অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পণ্য। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী শুধুমাত্র বিপিসি অনুমোদিত ফিলিং স্টেশন ও প্যাকড পয়েন্ট ডিলাররাই তেল বিক্রি করতে পারবেন। এর বাইরে অন্য কোথাও ক্যান, বোতল বা ড্রামে তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রাস্তার পাশে অবৈধভাবে ড্রাম ও ক্যানের মাধ্যমে তেল বিক্রি করছে, যা চোরাই ও ভেজাল তেলের অসাধু চক্রকে উৎসাহিত করছে। এসব উৎস থেকে তেল সংগ্রহ করে দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ডেও ব্যবহার করতে পারে—যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
এ কারণে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন যানবাহন ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে ফিলিং স্টেশন থেকে ক্যান বা বোতলে তেল বিক্রি না হয় এবং নিয়মিতভাবে এসব অবৈধ কার্যক্রম মনিটরিং করা হয়।









