রামপাল প্রকল্প জনগণের মতামত ছাড়াই করা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট:
জনগণের মতামত ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “সরকার এমনকি বন মন্ত্রণালয়কে চাপ দিয়ে বনভূমি ছাড়তেও বাধ্য করেছে। এটাই কি গণতন্ত্র? আমরা কি ‘না’ বলার অধিকার হারিয়ে ফেলেছি?”
রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের হোটেল লেক ক্যাসলে অনুষ্ঠিত রিজনাল ইনফ্রাসট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা বিদ্যুৎ চাই, কিন্তু পরিবেশ ধ্বংস করে নয়। আমরা বিনিয়োগ চাই, কিন্তু আমাদের কথার দাম দিয়ে। আজ বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চাই একটি রূপান্তরমূলক এজেন্ডা, যেখানে জনগণ থাকবে কেন্দ্রে। নয়তো এই উন্নয়ন হবে একতরফা ও নিঃস্বার্থ নয়।”
তিনি আরও বলেন, “দেশে অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু কখনোই পরিবেশকে ধ্বংস করে নয়। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও জনগণের চাওয়া এবং চাহিদার মূল্য দেওয়া উচিত। বিদেশি বিনিয়োগ তখনই টেকসই হয়, যখন তা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঙ্গে মিলে যায়। নয়তো তা শুধুই শোষণ হয়।”
পরিবেশ উপদেষ্টা অভিযোগ করেন, “শেষ এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি আর ভুল বিনিয়োগের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, যা আজও শোধরানো হয়নি। জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আনার ফলে দেশের নিরাপত্তা, পরিবেশ ও বন সব কিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস না করে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।









