রাবি সংগীত বিভাগের রজত জয়ন্তীর রঙে উৎসবমুখর ক্যাম্পাস
মো: স্বাধীন খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগ আজ সোমবার উদযাপন করেছে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি—রজত জয়ন্তী। দিনব্যাপী নানা অনুষ্ঠান, শোভাযাত্রা ও সংগীত পরিবেশনায় মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সকাল ৯টা ৩০ মিনিটে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদ।
উপাচার্য জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রজত জয়ন্তী কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে উদ্বোধনী সংগীত ও নৃত্য। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আয়োজিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা পরিবেশন করবেন সংগীত বিভাগের সুর-ঐতিহ্যের বহিঃপ্রকাশ।









