রাবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
রাবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রাবি প্রতিনিধি:

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্যবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন।

পরবর্তীতে বেলা ১১টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়—অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মু. আয্হার উদ্-দীন (সাবেক উপ-উপাচার্য ও পিএসসি সদস্য), পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম নজরুল ইসলাম এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মামনুনুল কেরামত (সাবেক উপ-উপাচার্য)। উপাচার্য তাঁদের সম্মাননাসূচক উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘টেকসই সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা’ বিষয়ে প্রথম হন মো. শাহিন বাদশা সুমন (ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ), দ্বিতীয় জারিন তাসনীম (ইতিহাস বিভাগ) এবং তৃতীয় কাজী এস এম আবদুল্লাহ (মার্কেটিং বিভাগ)। স্কুল পর্যায়ে ‘আমার প্রিয় শিক্ষক’ বিষয়ে প্রথম হন আহনাফ তাওসীফ খান (১০ম শ্রেণি), দ্বিতীয় ছায়া নুর সাবা (৬ষ্ঠ শ্রেণি) ও তৃতীয় মুসবিতুল ইমাম নীরদ (৮ম শ্রেণি)। একাদশ-দ্বাদশ শ্রেণি বিভাগে পুরস্কারপ্রাপ্ত হন মোছা. দিশা খাতুন।

সভায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “শিক্ষকেরা জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাঁরা তাঁদের আলোকিত জ্ঞানে শিক্ষার্থীদের পথ দেখান, আর সেই শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেয়। শিক্ষকতা এক মহান পেশা, যা শুধু পেশা নয়—এটি এক মানবিক দায়িত্ব ও আলোকিত জীবনের আহ্বান।”

তিনি আরও বলেন, “রাবি আজ যে কৃতবিদ্য শিক্ষকদের সম্মান জানিয়েছে, তা আসলে বিশ্ববিদ্যালয় নিজেরই মর্যাদাকে সমুন্নত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ দপ্তরের প্রশাসক ও উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।