রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ সাংবাদিকদের ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করেন। ক্যাম্পেইনের লক্ষ্য নগরীর ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। রাজশাহীতে ১২ থেকে ৩০ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি পর্যায়ে এ কার্যক্রম চলবে। নগরীর ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৪০টি কমিউনিটি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। টিকার জন্য জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে টিকাদানে সফল। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।” তিনি গুজব এড়িয়ে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। রাসিক জানায়, পাকিস্তান ও নেপালে এ ক্যাম্পেইন সফল হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন না করতে পারলেও জন্ম সনদ নিয়ে টিকা কেন্দ্রে টিকা পাওয়া যাবে। বর্তমানে ২৬.৩৩ শতাংশ শিশু নিবন্ধিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাসিক সচিব মোছা. রুমানা আফরোজ, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, আরএমপির বোয়ালিয়া থানার এডিসি এ.টি.এম মাইনুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









