রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২.৫ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম
রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২.৫ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

মো:ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। রবিবার গভীর রাতে সীমান্ত সড়কে চালানো এ অভিযানে প্রায় ১০০ কার্টুন ভারতীয় “মন্ড ব্যান্ড” ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সড়ক হয়ে মোটরসাইকেলযোগে ভারতীয় সিগারেট আসছে—এমন গোপন সংবাদে বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দ্রুতগতিতে এগিয়ে আসা একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে চালক বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করেন।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,

"চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”