রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন: সংশ্লিষ্টদের প্রতি উপাচার্যের কৃতজ্ঞতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
এই উপলক্ষে আজ রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম, রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সফলতা সবার যৌথ প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ সহযোগিতার ধারা বজায় থাকবে বলে আমি আশাবাদী।”
সভা সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
অনুষ্ঠানে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনার, পোলিং অফিসারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









