রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে জরুরি সংবাদ সম্মেলন
মো: স্বাধীন খন্দকার , রাবি প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রথম কার্যনির্বাহী সভা শেষে আজ দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গতকাল, ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা। সভায় রাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ সকল নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আজকের সংবাদ সম্মেলনে সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ এবং রাকসুর তহবিল সংক্রান্ত জটিলতা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সম্মেলনে জানানো হয়, রাকসুর ফান্ডের সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণের পাশাপাশি বেশ কিছু অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে—
- রাকসু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মার পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করা
- শিক্ষার্থী জারাফার চিকিৎসা সহায়তায় ফান্ড রেইজিং কার্যক্রম
- বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের রোডম্যাপ প্রণয়ন
- সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনা
- প্রতিটি হলে বিশুদ্ধ পানির ফিল্টার মেশিন স্থাপন
- একাডেমিক ভবনগুলোতে স্যানিটাইজেশন ভেন্ডিং মেশিন স্থাপন
- মহিলা জিমনেসিয়াম পুনরায় চালুকরণ
- উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা
- আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
- এবং “ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি গ্রহণ
সংবাদ সম্মেলনে রাকসুর নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ঐক্য, প্রশাসনের জবাবদিহিতা ও সঠিক নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে একটি মানবিক, সচেতন ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস গড়ে তোলাই রাকসুর মূল লক্ষ্য।









